​সুরমায় নিখোঁজ জহুরুলের মরদেহ উদ্ধার : কান্নায় ভেঙে পড়েছে পুরো গ্রাম


sylnews24 প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ২:২৮ অপরাহ্ন /
​সুরমায় নিখোঁজ জহুরুলের মরদেহ উদ্ধার : কান্নায় ভেঙে পড়েছে পুরো গ্রাম

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সুরমা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় পর যুবক মো. জহুরুল ইসলামের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৩ মে) দুপুরে শ্রীহাইল হোসেনপুর সংলগ্ন সুরমা নদীর ‘খরচ বাগান’ এলাকায় তাঁর মরদেহ ভেসে ওঠে। জহুরুল শাল্লা উপজেলার ২ নং ওয়ার্ডের শ্রীহাইল (ছিতার কান্দি) গ্রামের মো. মালেক মিয়ার ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে জহুরুল নিজ গ্রাম থেকে নৌকাযোগে শাল্লার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সুরমা নদীর ‘খরচ বাগান’ এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে যান। জহুরুল মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে; ধারণা করা হচ্ছে, নৌকা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি নিজেকে সামলাতে পারেননি।

​নিখোঁজ হওয়ার পর থেকে পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং স্থানীয়রা দীর্ঘ সময় আপ্রাণ চেষ্টা চালিয়েও গতকাল তাঁর সন্ধান পায়নি। অবশেষে আজ বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে নিখোঁজ হওয়ার স্থান সংলগ্ন এলাকায় তাঁর নিথর দেহ ভেসে ওঠে। গ্রামবাসী ও স্বজনরা নদী থেকে মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

​জহুরুলের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নদীর তীরে শত শত মানুষ ভিড় করেন। তাঁর পরিবারের সদস্যদের বুকফাটা আর্তনাদ ও আহাজারিতে পুরো এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে এভাবে ফিরে পাওয়ায় গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

​স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী মরহুম জহুরুলের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। শোকসন্তপ্ত পরিবার যেন এই কঠিন শোক সহ্য করার শক্তি পান, সেজন্য তাঁরা সকলের নিকট প্রার্থনা করেছেন।