
মানুষের সভ্যতা এগিয়েছে চিন্তার শক্তিতে। প্রতিটি আবিষ্কার ও জ্ঞানচর্চার পেছনে রয়েছে সৃজনশীলতা। শিক্ষা সেই সৃজনশীল চিন্তাকে জাগ্রত করে। মানুষকে নতুনভাবে ভাবতে শেখায়। মনন ও কল্পনাশক্তির বিকাশ ঘটায়। আধুনিক বিশ্বে শিক্ষা আর শুধু মুখস্থ বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এখন বিশ্লেষণ, অনুসন্ধান ও উদ্ভাবনের একটি প্রক্রিয়া। সমস্যা সমাধানও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই বাস্তবতায় ব্রেইন স্টর্মিং বা ‘মাথা খাটানো শিক্ষাক্ষেত্রে একটি কার্যকর ও সময়োপযোগী শিক্ষণ-কৌশল হিসেবে বিশেষ গুরুত্ব লাভ করেছে।
ব্রেইন স্টর্মিং শব্দটির অর্থ হলো মস্তিষ্কে চিন্তার ঝড় তোলা। এটি একটি মুক্ত ও সৃজনশীল চিন্তাপদ্ধতি। এখানে ব্যক্তি বা দল কোনো বিষয় নিয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করে। কোনো ধারণাকে শুরুতেই বিচার করা হয় না। ভুল বা সঠিক নির্ধারণ করা হয় পরে। প্রথম ধাপে লক্ষ্য থাকে যত বেশি সম্ভব আইডিয়া তৈরি করা। পরে সেগুলো বিশ্লেষণ করে কার্যকর সমাধান খুঁজে বের করা হয়। এই পদ্ধতির উদ্ভাবক হলেন মার্কিন বিজ্ঞাপন বিশেষজ্ঞ অ্যালেক্স এফ. অসবোর্ন। তিনি ১৯৩০-এর দশকে লক্ষ্য করেন, সমালোচনার ভয় মানুষের সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করে। তাই তিনি এমন একটি উন্মুক্ত পদ্ধতি তৈরি করেন, যেখানে সবাই নির্ভয়ে মতামত দিতে পারে। পরবর্তীতে তাঁর বই অ্যাপ্লাইড ইমাজিনেশন এর মাধ্যমে এই ধারণা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে।

শিক্ষাক্ষেত্রে ব্রেইন স্টর্মিং-এর গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আধুনিক শিক্ষাব্যবস্থায় শুধু মুখস্থ বিদ্যার ওপর গুরুত্ব দেওয়া হয় না। সৃজনশীল চিন্তা, বিশ্লেষণ ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতার ওপর জোর দেওয়া হয়। একজন শিক্ষার্থীকে নতুনভাবে ভাবতে শেখানোই এখন শিক্ষার অন্যতম লক্ষ্য। কিন্তু প্রচলিত পাঠদান পদ্ধতিতে অনেক শিক্ষার্থী শুধু শুনে যায়। তারা নিজেদের মতামত প্রকাশের সুযোগ কম পায়। ফলে তাদের চিন্তাশক্তির পূর্ণ বিকাশ ঘটে না। ব্রেইন স্টর্মিং এই পরিস্থিতি বদলে দেয়। এটি শিক্ষার্থীদের স্বাধীনভাবে ভাবতে শেখায়। নতুন ধারণা প্রকাশে উৎসাহিত করে। একই সঙ্গে শ্রেণিকক্ষকে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলে।
শ্রেণিকক্ষে মুক্ত আলোচনা শিক্ষার্থীদের চিন্তাশক্তিকে জাগ্রত করে। শিক্ষক যখন কোনো প্রশ্ন বা সমস্যা সামনে তুলে ধরেন, তখন শিক্ষার্থীরা ভাবতে শুরু করে। তারা নিজেদের মতামত প্রকাশের সুযোগ পায়। নতুন ধারণা নিয়ে আলোচনা করতে শেখে। এতে তাদের কল্পনাশক্তির বিকাশ ঘটে। ধীরে ধীরে তারা সৃজনশীলভাবে চিন্তা করার সাহস অর্জন করে। অনেক শিক্ষার্থী শুরুতে কথা বলতে ভয় পায়। ভুল হওয়ার আশঙ্কা তাদের পিছিয়ে রাখে। কিন্তু ব্রেইন স্টর্মিং-এর উন্মুক্ত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ সেই ভয় দূর করে। যখন তাদের মতামত মনোযোগ দিয়ে শোনা হয়, তখন তারা উৎসাহিত হয়। নিজেদের মূল্যবান মনে করে। এর ফলে তাদের আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয় ধীরে ধীরে বৃদ্ধি পায়।
ব্রেইন স্টর্মিং শিক্ষার্থীদের সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি করে। এটি তাদের চিন্তাকে গতিশীল ও বিশ্লেষণধর্মী করে তোলে। বর্তমান যুগে শুধু বইয়ের জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়। বাস্তব জীবনের নানা সমস্যার সমাধান করতে পারাও গুরুত্বপূর্ণ। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা একটি বিষয়কে বিভিন্ন দিক থেকে পর্যবেক্ষণ করতে শেখে। তারা কারণ খুঁজে বের করার চেষ্টা করে। যুক্তির ভিত্তিতে মতামত উপস্থাপন করে। সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করে। ফলে তাদের চিন্তাশক্তির বিকাশ ঘটে। সমালোচনামূলক ও সৃজনশীল চিন্তার ক্ষমতাও ধীরে ধীরে বৃদ্ধি পায়।
ব্রেইন স্টর্মিং শিক্ষার্থীদের সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি করে। এটি তাদের চিন্তাকে গতিশীল ও বিশ্লেষণধর্মী করে তোলে। বর্তমান যুগে শুধু বইয়ের জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়। বাস্তব জীবনের নানা সমস্যার সমাধান করতে পারাও গুরুত্বপূর্ণ। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা একটি বিষয়কে বিভিন্ন দিক থেকে পর্যবেক্ষণ করতে শেখে। তারা কারণ খুঁজে বের করার চেষ্টা করে। যুক্তির ভিত্তিতে মতামত উপস্থাপন করে। সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করে। ফলে তাদের চিন্তাশক্তির বিকাশ ঘটে। সমালোচনামূলক ও সৃজনশীল চিন্তার ক্ষমতাও ধীরে ধীরে বৃদ্ধি পায়।
ব্রেইন স্টর্মিং শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজের অভ্যাস গড়ে তোলে। তারা একসঙ্গে চিন্তা করতে শেখে। অন্যের মতামতকে গুরুত্ব দিতে শেখে। আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার মানসিকতা তৈরি হয়। এতে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পায়। শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা ও শ্রদ্ধাবোধও গড়ে ওঠে। তারা উপলব্ধি করতে শেখে যে একক চিন্তার চেয়ে সম্মিলিত চিন্তা অনেক সময় বেশি কার্যকর। এই পদ্ধতি তাদের যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতাও বৃদ্ধি করে। ভবিষ্যতের কর্মক্ষেত্রে দলগত কাজের জন্য ব্রেইন স্টর্মিং গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করে।
আধুনিক শিক্ষাব্যবস্থা এখন শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষার দিকে অগ্রসর হচ্ছে। এখানে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়। অনুসন্ধান, বিশ্লেষণ এবং অভিজ্ঞতাভিত্তিক শেখার ওপর জোর দেওয়া হচ্ছে। দক্ষতাভিত্তিক শিক্ষার ধারণাও ক্রমেই শক্তিশালী হচ্ছে। বাংলাদেশের নতুন শিক্ষাক্রমেও এই পরিবর্তনের প্রতিফলন দেখা যায়। সেখানে সৃজনশীলতা এবং অংশগ্রহণমূলক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সমস্যা সমাধানভিত্তিক শিখনও এখন পাঠদানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রেক্ষাপটে ব্রেইন স্টর্মিং একটি কার্যকর শিক্ষণ-কৌশল হিসেবে ভূমিকা রাখতে পারে। এটি শিক্ষার্থীদের চিন্তায় সক্রিয়তা আনে। শ্রেণিকক্ষকে আরও প্রাণবন্ত করে তোলে। শেখার পরিবেশকে আনন্দদায়ক ও আকর্ষণীয় করে তোলে। ফলে শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও অংশগ্রহণ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়।
বস্তুত ব্রেইন স্টর্মিং কোনো সাধারণ শিক্ষণ-পদ্ধতি নয়। এটি মুক্ত চিন্তার একটি শক্তিশালী অনুশীলন। এটি শিক্ষার্থীদের প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলে। তাদের চিন্তাকে আরও বিস্তৃত করে। নতুনভাবে ভাবার সুযোগ তৈরি করে। কল্পনাশক্তিকে সক্রিয় করে। যে শিক্ষার পরিবেশে মত প্রকাশের স্বাধীনতা থাকে, সেখানে সৃজনশীলতা স্বাভাবিকভাবে বিকশিত হয়। সেই পরিবেশ থেকেই ভবিষ্যতের গবেষক তৈরি হয়। বিজ্ঞানী তৈরি হয়। সাহিত্যিক ও মানবিক নেতৃত্বও গড়ে ওঠে। শিক্ষার্থীরা ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তাদের চিন্তায় আসে গভীরতা ও পরিপক্বতা। তাই বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম প্রজন্ম গঠনের জন্য ব্রেইন স্টর্মিং-এর চর্চা আরও বিস্তৃত করা এখন সময়ের দাবি।
লেখকঃ এমপিএইচ, এমডিএস, এমএড
শিক্ষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রাবন্ধিক
আপনার মতামত লিখুন :