হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টারঃ কৃষিখাতের আধুনিকায়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষে সুনামগঞ্জের শাল্লায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। সোমবার (২৯ জুন) সকালে ব্র্যাকের ‘দাবি’ প্রোগ্রামের আওতায় উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব আধুনিক যন্ত্রপাতি তুলে দেওয়া হয়।
বিতরণ কার্যক্রমের আওতায় এবার মোট তিনজন কৃষককে ৫০ শতাংশ ভুর্তকি বা অনুদান মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়। এর মধ্যে দু’জন কৃষক পেয়েছেন ধান মাড়াই মেশিন এবং একজন কৃষককে একটি পাওয়ার টিলার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক যন্ত্রপাতির বিকল্প নেই। সনাতন পদ্ধতির পরিবর্তে এসব যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষিকাজে গতিশীলতা আসবে এবং কৃষকদের কায়িক শ্রম লাঘব হবে। ব্র্যাকের পক্ষ থেকে স্বল্প খরচে প্রান্তিক কৃষকদের হাতের নাগালে আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্র্যাক কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষকদের আধুনিক প্রযুক্তির আওতায় আনার এই কার্যক্রম কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বিস্তৃত করা হবে।
অনুষ্ঠানে ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. নূর ইসলাম, উপজেলা হিসাব কর্মকর্তা মো. ওবাইদুল ইসলাম, এসএসবিইপি শাল্লা মো. আব্দূর রশিদ এবং মনিটর আইডিপি মো. কামরুজ্জামানসহ ব্র্যাকের স্থানীয় প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :