শাল্লায় কৃষকদের মাঝে আমন প্রণোদনা, বিতরণ করা হলো সার ও বীজ


sylnews24 প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন /
শাল্লায় কৃষকদের মাঝে আমন প্রণোদনা, বিতরণ করা হলো সার ও বীজ

হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার : ‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় রোপা আমন চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।

​উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি রোপা আমন মৌসুমে উপজেলার ৬০০ জন চাষিকে বীজ ধান ও প্রয়োজনীয় সার দেওয়া হচ্ছে। এর আওতায় প্রতিটি কৃষক ৫ কেজি ধান বীজ এবং ২০ কেজি করে দুই ধরনের সার পাচ্ছেন। এছাড়া বনজ প্রণোদনার আওতায় আরও ৫০ জন কৃষককে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়েছে।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আউয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা।

​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভূতোষ চৌধুরী। সভায় বক্তারা সরকারের দেওয়া এই প্রণোদনা সঠিকভাবে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও স্বাবলম্বী হওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।