হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার : ‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় রোপা আমন চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি রোপা আমন মৌসুমে উপজেলার ৬০০ জন চাষিকে বীজ ধান ও প্রয়োজনীয় সার দেওয়া হচ্ছে। এর আওতায় প্রতিটি কৃষক ৫ কেজি ধান বীজ এবং ২০ কেজি করে দুই ধরনের সার পাচ্ছেন। এছাড়া বনজ প্রণোদনার আওতায় আরও ৫০ জন কৃষককে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আউয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভূতোষ চৌধুরী। সভায় বক্তারা সরকারের দেওয়া এই প্রণোদনা সঠিকভাবে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও স্বাবলম্বী হওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :