কুরশি গ্রামে অপরাধ দমনে জনতার প্রতিরোধ নাকি আইনের ব্যত্যয় : জনমনে মিশ্র প্রতিক্রিয়া


sylnews24 প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন /
কুরশি গ্রামে অপরাধ দমনে জনতার প্রতিরোধ নাকি আইনের ব্যত্যয় : জনমনে মিশ্র প্রতিক্রিয়া

গ্রামের পরিচিতি ও সামাজিক বাস্তবতা:

ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের বৃহত্তর কুরশি গ্রাম জনবহুল, শিক্ষাবান্ধব এবং প্রবাসীসমৃদ্ধ একটি জনপদ। প্রায় পনের হাজার মানুষের বসবাস এই গ্রামে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের প্রেরিত অর্থ, অভিজ্ঞতা ও সামাজিক উদ্যোগে গ্রামটি শিক্ষা ও সামাজিক উন্নয়নে একটি বিশেষ অবস্থান তৈরি করেছে। এখানে রয়েছে হাই স্কুল, দাখিল মাদ্রাসা, একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান। কারিগরি কলেজ প্রতিষ্ঠা – স্থাপনও প্রক্রিয়াধীন। গ্রামের শিক্ষিত সমাজ ব্যাংক, শিক্ষকতাসহ সরকারি বিভিন্ন দফতরে চাকুরি করে এলাকায় সামাজিকভাবে সুনাম কুড়িয়েছে। ঐক্য, সম্প্রীতি ও প্রবাসী সংযোগের কারণে কুরশি গ্রামের সুনাম ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে।

চুরি ও অপরাধচক্রের বিস্তার :

তবে এই ইতিবাচক অবস্থানের মধ্যেই ধীরে ধীরে গড়ে ওঠে গরু চুরির একটি সংঘবদ্ধ সিন্ডিকেট। কয়েকজনকে কেন্দ্র করে শুরু হলেও এটি পরে একটি বড় চক্রে রূপ নেয়। অভিযোগ রয়েছে, চুরি করা গরু আবার মালিকের কাছ থেকে অর্থের বিনিময়ে ফেরত দেওয়া হতো, যা এক ধরনের পেশায় পরিণত হয়। ফলে গ্রামটির নামের সঙ্গে “চোরের গ্রাম” তকমা যুক্ত হয়ে পড়ে, যা সাধারণ মানুষের জন্য অপমানজনক হয়ে ওঠে।

সামাজিক প্রতিরোধ ও মানববন্ধন:

এই পরিস্থিতিতে গ্রামবাসী, বিশেষ করে ছাত্র-যুবক ও প্রবাসীরা উদ্যোগ নিয়ে “চুরি নির্মূল কমিটি” গঠন করেন। অভিযুক্তদের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি নেওয়া হলেও তা কার্যকর হয়নি। পরবর্তীতে ২৬ মার্চ মোহাম্মদগঞ্জ বাজারে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চুরি, মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করা হয়।

ভাঙচুরের ঘটনা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া:

২৫ মার্চ স্থানীয় বৈঠকের পর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। তাদের নিষ্ক্রিয়তায়, আইনি বিচার না পেয়ে গ্রামবাসী উত্তেজিত হয়ে বিকল্প সামাজিক প্রতিরোধ গড়ে তুলে। জানা যায়, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উত্তেজিত বৃহৎ জনতাকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। কথাকাটাকাটির জেরে পরিস্থিতি সহিংস রূপ নেয়। এই ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

প্রশাসনের হস্তক্ষেপ ও অবস্থান:

ঘটনার পর ২৭ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোম্যাসি চাকমা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ক্ষতিগ্রস্ত পরিবার পলাতক থাকায় সরাসরি কথা বলা সম্ভব না হলেও তাদের প্রশাসনের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়। ইউএনও স্পষ্ট করে জানান, আইনের মাধ্যমেই বিচার নিশ্চিত করা হবে এবং কেউ আইন নিজের হাতে নিতে পারবে না।

আইনি বাস্তবতা ও সংকট:

চুরি যেমন একটি ফৌজদারী অপরাধ, তেমনি ভাঙচুর ও গণআক্রমণও আইনের চোখে অপরাধ। অপরাধ দমন করতে গিয়ে নতুন অপরাধ সংঘটিত হয়েছে কেন? প্রশ্ন উঠেই কেন – কেনই বা জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে এই ঘটনার পরিস্থিতিকে আরও জটিল করে তুললো????

প্রশাসনিক দুর্বলতা ও জনআস্থা সংকট:

এই প্রেক্ষাপটে প্রশাসনিক দুর্বলতার বিষয়টিও সামনে আসে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, থানায় একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এমন পরিস্থিতি জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করে এবং নিজেরাই প্রতিকার করতে উদ্বুদ্ধ হয়। শেষ পর্যন্ত সহিংস প্রতিক্রিয়ায় রূপ নেয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অনিয়মও জনমনে আস্থার সংকট তৈরি করেছে।

সামাজিক প্রতিক্রিয়া ও মানবাধিকার প্রশ্ন:

গ্রামে গ্রাম্য শালিশ ও সামাজিক প্রতিরোধ একসময় কার্যকর ছিল। গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে অভিযুক্তদের পুনর্বাসনের ব্যবস্থাও করেছিল। এরপর অভিযুক্তরা অপরাধ সংঘটিত করলে গ্রামবাসী উত্তেজিত হয়ে ক্ষোভে পেটে উঠে। অনেকেই গ্রামের এ ঘটনাতেও দেখছেন, অপরাধ দমনের নামে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কেন জনতা কর্তৃক বাড়িঘর ভাঙচুর, আতঙ্ক সৃষ্টি এবং পরিবারকে পলাতক হতে বাধ্য করা হয়েছে? কেন এখানে মানবাধিকার ভূলন্ঠিত হলো, যা সমাজের জন্য বিপজ্জনক।

দায়বদ্ধতা ও করণীয়:

এই ঘটনায় দায় একক নয়, বরং বহুমাত্রিক। চুরি করলে অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে। একইভাবে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকেও তাদের দায়িত্ব পালনে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। বর্তমানে উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এই তদন্তের মাধ্যমে শুধু দোষীদের চিহ্নিত করাই যথেষ্ট নয়, বরং প্রয়োজন সবার জন্য সমানভাবে আইনের প্রয়োগ নিশ্চিত করা। চুরি করলে তার শাস্তি হবে, এটি যেমন সত্য, তেমনি মানবাধিকার লঙ্ঘন করলেও তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

পরিশেষে, কুরশি গ্রামের ঘটনা একটি বড় শিক্ষা দেয়, আইনের শাসনের বিকল্প নেই। প্রশাসনের দায়িত্বহীনতা যেমন বিপজ্জনক, তেমনি জনতার আবেগতাড়িত বিচারও সমান ক্ষতিকর। অপরাধ দমন করতে গিয়ে যদি আইন লঙ্ঘিত হয়, তবে তা সমাজে আরও বড় সংকট সৃষ্টি করে। একটি সমাজে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন প্রশাসনের জবাবদিহিতা, আইনের সুষ্ঠু প্রয়োগ এবং জনগণের সচেতনতা। অন্যথায়, একটি অপরাধ দমন করতে গিয়ে সমাজ আরও বড় সংকটে পড়ে যাবে।

ফয়সল আহমদ বাবুল
লেখক: শিক্ষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ